ভানুয়াতিতে শতাধিক বাংলাদেশি বিপর্যয়কর পরিস্থিতিতে

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ০০:২৪

ভালো বেতনে চাকরির আশায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে গিয়ে বিপর্যয়কর পরিস্থিতিতে পড়েছেন ১০১ জন বাংলাদেশি। মানবপাচারের শিকার হয়েছেন দাবি করে তারা এখন দেশে ফেরা এবং ন্যায় বিচারের অপেক্ষায় আছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, গত দুই বছরের বিভিন্ন সময়ে এই বাংলাদেশিরা ভানুয়াতু গেছেন। তাদের মধ্যে অন্তত দুই জনের বয়স ১৮ বছরের কম। আপাতত তাদের রাখা হয়েছে পোর্ট ভিলার তিনটি বাড়িতে। তাদের পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার বাংলাদেশিকে গত নভেম্বরে আটক করে ভানুয়াতু সরকার। বিষয়টি এখন আদালতে গড়িয়েছে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএমের হয়ে ভানুয়াতু হিউম্যান রাইটস কোয়ালিশন নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ওই বাংলাদেশিদের সহায়তা দিচ্ছে।

বাংলাদেশের কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, আটকা পড়া ওই বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য ভানুয়াতু সরকার ও আইওএমের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ। কিন্তু এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। ভানুয়াতুর স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু সলোমন ন্যাপুয়াট টমসন বলেছেন, প্রত্যাবাসনের কোনো পদক্ষেপ নেওয়ার আগে তারা আদালতের সিদ্ধান্ত জেনে নিতে চান।