তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জাতি গঠনের স্বার্থে নেতিবাচক রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে সকলে মিলে একসঙ্গে কাজ করি। গতকাল রাজধানীর কাকরাইলে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) স্বাধীনতা দিবস উপলক্ষে ডিএফপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
‘সরকারের ভুলের গঠনমূলক সমালোচনা আমরা চাই কিন্তু অন্ধ সমালোচনা সমর্থনযোগ্য নয়’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশে অভাবনীয় অগ্রগতি ঘটেছে। দেশের অগ্রগতি আরও ত্বরান্বিত হতো যদি বিএনপি-জামায়াত নেতিবাচক রাজনীতি না করত। সাজাপ্রাপ্ত বেগম জিয়ার মুক্তির দাবিকেই স্বাধীনতা দিবসের অঙ্গীকার উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করে ড. হাছান বলেন, এটা দুঃখজনক। আমি আশা করি, বিএনপির রাজনীতি বেগম জিয়ার হাঁটুর ব্যথা, তারেক জিয়ার মামলা— এসব থেকে মুক্তি পাক।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেনের সভাপতিত্বে সভায় ছিলেন, অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক প্রমুখ। ডিএফপির পরিচালক স. ম. গোলাম কিবরিয়ার সূচনা বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর আগে তথ্যমন্ত্রী তথ্য অধিদপ্তরের সহযোগিতায় ডিএফপি’র আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন ও মুক্তিযুদ্ধে নারীর অবদান বিষয়ে ‘আমরা তোমাদের ভুলব না’ শীর্ষক প্রামাণ্যচিত্র দেখেন।
