ঢাকা থেকে দিল্লি-ব্যাঙ্গালুরু-গৌহাটি রুটে দ্রুত ফ্লাইট চালুর ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। গতকাল সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে দুজনের বৈঠকে এ গুরুত্বারোপ করেন তারা।
বৈঠকে আলোচনা হয়, শিক্ষা, চিকিত্সা, বাণিজ্য বিনিয়োগ ও পর্যটনে প্রতিবছর ১০ লাখের বেশি মানুষ দুই প্রতিবেশী দেশে যাতায়াত করে থাকেন। এ যাতায়াত আরো সহজ, স্বাচ্ছন্দ্য এবং সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে আকাশপথের যোগাযোগ আরো ব্যাপকভাবে সম্প্রসারিত হওয়া উচিত। এ সময় রাশেদ খান মেনন ও হর্ষ বর্ধন শ্রিংলা দুজনেই ঢাকা থেকে দিল্লি, ব্যাঙ্গালুরু ও গৌহাটি রুটে দ্রুত ফ্লাইট চালুর ওপর গুরুত্বারোপ করেন।
হাইকমিশনার শ্রিংলা বলেন, লন্ডনগামী শিলংয়ের যাত্রীরা সিলেট বিমানবন্দর ব্যবহারের সুযোগ পেলে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। এছাড়া সিলেট থেকে সরাসরি পর্যটন নগরী কক্সবাজারেও যেতে পারবেন। জবাবে মন্ত্রী রাশেদ খান মেনন এ ব্যাপারে উদ্যোগ নেয়ার আশ্বাস দেন।
বৈঠকে অভিমত দেয়া হয়, একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সমাজের বিনির্মাণ ও বিকাশ দু’দেশের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, নিরাপত্তা, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ গুরুত্বপূর্ণ। উন্নয়নকে ত্বরান্বিত করতে আঞ্চলিক জোট গঠনেও গুরুত্বারোপ করা হয় বৈঠকে। বৈঠকে অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, মন্ত্রীর একান্ত সচিব এটিএম নাসির মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএন
