রাজধানীর ভাষানটেক থানাধীন বালুঘাট এলাকায় গতকাল মঙ্গলবার রাতে র্যাবের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম শফি। র্যাব দাবি করেছে, শফি নরসিংদী থানা পুলিশের তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে নরসিংদীর বিভিন্ন থানায় একাধিক হত্যা ও চাঁদাবাজির মামলা রয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, র্যাবের কাছে তথ্য ছিল যে, নরসিংদীর এই শীর্ষ সন্ত্রাসী ঢাকার বালুঘাট এলাকায় আত্মগোপন করে আছে। র্যাব-১১ এর একটি টিম গতকাল রাত ১২ টার দিকে বালুঘাট এলাকায় ওই সন্ত্রাসীর অবস্থান শনাক্ত করে। তাকে আটক করতে গেলে, তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ ঘটনার পর র্যাব সেখান থেকে গুলিবিদ্ধ শফিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
