আদিবাসী-সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ

আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ০১:৪০

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাগদা ফার্মে আদিবাসী সাঁওতালদের ওপর হামলা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর হামলা ও মন্দির ভাঙচুরসহ দেশের বিভিন্ন স্থানে আদিবাসী এবং সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে রবিবার শেরপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 
নাগরিক সংগঠন জনউদ্যোগ ও বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে শহরের পৌর টাউন হল চত্বরে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আর্তনাদ’, সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ ও চাইল্ড ফোরাম নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। বিক্ষোভ সমাবেশ জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে শিক্ষাবিদ-গবেষক ড. সুধাময় দাস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, নারী নেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, কবি তালাত মাহমুদ, পৌরসভার মহিলা কাউন্সিলর মাহমুদা খানম ডলি, আওয়ামী লীগ নেতা শামীম আহমেদ, কমিউনিস্ট পার্টির সেক্রেটারি সোলায়মান আহমেদ, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, আর্তনাদ সম্পাদক এমদাদুল হক রিপন, ঘাতক দালাল নির্মূল কমিটির আ.স.ম নাসিম নয়ন প্রমুখ বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/এএন