চট্টগ্রাম মহানগরীতে ঘুষ নেয়ার সময় হাতেনাতে সঞ্জীব কুমার দে নামে ভূমি অফিসের এক কর্মচারিকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সঞ্জীবকে ১০ হাজার টাকা ঘুষ গ্রহণকালে নগরীর ষোলশহরে নিজ অফিস থেকে আটক করা হয়।
সঞ্জীব আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন। তাদের অফিস নগরীর ষোলশহর এলাকায়।
দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয় সূত্রে বলা হয়, দুদকের সহকারী পরিচালক মোশাররফ হোসেন মৃধার নেতৃত্বে ষোলশহরে ভূমি অফিসে অভিযান চালানো হয়। অভিযানের শুরুতেই ১০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় হাতেনাতে আটক করা হয় সঞ্জীবকে। ফ্ল্যাটের নামজারির জন্য এই ঘুষ নিচ্ছিলেন তিনি। বাসস।
ইত্তেফাক/এসএস
