সালথায় দুই পক্ষের সংঘর্ষ-ভাঙচুর, আহত ১০

আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৭:২৮
ফরিদপুরের সালথায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে জুয়েল মোল্যা (১৭) নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। 
 
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের নারানদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
জানা গেছে, জমির সীমানা নির্ধারণ নিয়ে নারানদিয়া গ্রামের মো. খায়ের মোল্যার পক্ষের লোকজনের সাথে প্রতিপক্ষ রেজাউল মোল্যার লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় বেশ কয়েকটি বসত বাড়িঘর ভাংচুর করা হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে জুয়েল মোল্যা, আবুল খায়ের মোল্যা ও ইসমাইল মোল্যা নামে ৩ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে জুয়েলের অবস্থা আশঙ্কাজনক। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
 
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডিএম বেলায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়। এলাকার পরিবেশ এখন শান্ত। 
 
 
ইত্তেফাক/এমআই