মাগুরায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ, জেলহাজতে প্রেরণ

আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৮:০৩
মাগুরার রওশন আলী ও আব্দুস সত্তার জোড়া খুনের মামলায়  যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবু কালাম (৫৫)  বৃহস্পতিবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করেন। তিনি মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেলহাজতে পাঠানো হয়। আবু কালাম এতদিন পলাতক ছিলেন। তার বাড়ি মাগুরা সদর উপজেলার সাচানী গ্রামে। পিতার নাম মমতাজ আলী।  
 
রওশন আলী ও আব্দুস সত্তার জোড়া খুনের মামলায় ২রা নভেম্বর ২০১৬ মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আবু কালামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছিলেন। মামলার বিচারকালে আবু কালাম পলাতক ছিলেন।
  
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, রওশন আলী ও আব্দুস সাত্তারকে ১৯৯০ সালের ২১ ডিসেম্বর রাতে আসামিরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং পরদিন ২২ ডিসেম্বর মাগুরা সদর উপজেলার বাদে মালঞ্চী মাঠে রওশন আলী এবং সত্তারের লাশ পাওয়া যায়। নিহত রওশন আলীর স্ত্রী ভানু বিবি বাদী হয়ে ৯ জনকে আসামি করে মাগুরা থানায় মামলা করেছিলেন। অতিরিক্ত  জেলা ও দায়রা জজ আদালত আবু কালামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৭জনকে খালাস দিয়েছিলেন। এদের মধ্যে একজন আসামির মৃত্যু হয়েছে ।