পাকিস্তানের মোহমান্দ এজেন্সিতে মোহমান্দ রাইফেলস হেডকোয়াটার্সের একটি ক্যাম্পে ‘আত্মঘাতী হামলা’ চালানোর সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত চার জঙ্গি নিহত হয়েছে। এসময় দুইজন সেনা নিহত হয়েছে। শনিবার এই ঘটনা ঘটে।
ইন্টারসার্ভিস পাবলিক রিলেশনের ডিজি (আইএসপিআর) অসিম বাজওয়া টুইটারে বলেছেন, ঘালানাইতে চালানো হামলায় ফ্রন্টায়ার কর্পসের (এফসি) দুই সৈন্য নিহত হয়েছে।
তিনি বলেছেন, নিরাপত্তা বাহিনী হামলা ‘প্রতিরোধ’ করেছে। এসময় চারজন আত্মঘাতী বোমাহামলাকারী নিহত হয়েছে। এই ঘটনায় অন্তত ১৪ জন এফসি সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।
জঙ্গি গ্রুপ জামায়াত-উল-আহরার এই হামলার দায় স্বীকার করেছে।
নিরাপত্তা সূত্রের ভাষ্যে, স্থানীয় সময় ভোর ছয়টা ২০ মিনিটে এজেন্সির হেডকোয়াটারের ভেতরে এফসি ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। এসময় জঙ্গি ও সৈন্যদের মধ্যে ভারি গোলাগুলি হয়। এতে সব হামলাকারীরা নিহত হয়েছে।
হামলার ঘটনার পরপরই মোহমান্দ এজেন্সিতে কারফিউ জারি করা হয়েছে।
মোহমান্দ এজেন্সি আফগান সীমান্তের কাছে অবস্থিত। সেখানে এক দশক ধরে আল-কায়েদা ও তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিদের সঙ্গে সেনাদের যুদ্ধ চলে আসছে। খবর: ডন।
ইত্তেফাক/এএসএসন
