বগুড়ায় গ্যাস ট্যাবলেট (অ্যালুমিনিয়াম ফসফাইড) হাতে নিয়ে প্রেমিক শাকিল আহমেদের বাড়িতে পাঁচদিন ধরে অনশন করছেন প্রেমিকা। শাকিল পলাতক থাকায় ওই ট্যাবলেট খেয়ে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তরুণী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার খামারকান্দী ইউনিয়নের পারভবানীপুর পশ্চিম পাড়া গ্রামের শাকিল আহমেদ একই গ্রামের তরুণীর সঙ্গে গত দেড় বছর ধরে প্রেম করে আসছেন। বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় দৈহিক সম্পর্ক করেছেন।
এদিকে শাকিলের পরিবার ওই সম্পর্ক মেনে নেয়নি। ফলে ২৯ মার্চ অন্য জায়গায় শাকিলের বিয়ে ঠিক করে তার পরিবার। ওই তরুণী এই কথা জানতে পেরে গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে গ্যাস ট্যাবলেট হাতে নিয়ে বিয়ের দাবিতে প্রেমিক শাকিলের ঘরে ওঠেন। প্রেমিকা তার ঘরে ওঠার খবর শুনে শাকিল আত্মগোপনে রয়েছেন।
আরো পড়ুন: নেতানিয়াহুর হুঁশিয়ারির পর গাজার ফের রকেট হামলা
এ ব্যাপারে ওই তরুণী সাংবাদিকদের জানান, বিয়ে না হওয়া পর্যন্ত এই বাড়ি ছাড়বেন না। তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবেন।
খামারকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব বলেন, বিয়ের দাবিতে অনশনের কথা শুনেছি, তবে আমাকে কেউ কিছু বলেনি।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, মেয়েটি আমাদের অবগত করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
ইত্তেফাক/জেডএইচ
