শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ২৬তম শাহাদাত বার্ষিকী গতকাল রবিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
গতকাল সকালে ঢাকা মেডিক্যাল কলেজ চত্বরে তার সমাধিতে ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছে আওয়ামী লীগ। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, একেএম এনামুল হক শামীম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ডা. মিলনের মা সেলিনা আখতার পরিবারের সদস্যদের নিয়ে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া বিএনপি, স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণফোরাম, সাম্যবাদী দল, ছাত্রলীগ, যুবলীগ, স্বাধীনতা চিকিত্সক পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন মিলনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজে মিলনের সমাধিস্থলে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন আলোচনা সভার আয়োজন করে। বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথির বক্তব্য রাখেন। এর আগে স্বাস্থ্যমন্ত্রী ঢাকা মেডিক্যাল কলেজ চত্বরে মিলনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
ইত্তেফাক/এএন
