এবার ‘যদু পাইলট’ চরিত্রে

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৮:৪৬

 

‘রাইফেল মফিজ’ খ্যাত অভিনেতা শহিদ আলমগীর এবার যদু পাইলট চরিত্রে অভিনয় করছেন। নাট্যনির্মাতা সাজ্জাদ হোসেন দোদুলের পরিচালনায় বৈশাখী টিভিতে প্রচারিত ‘ছায়াবিবি’ শিরোনামের মেগা ধারাবাহিক নাটকে তিনি এই চরিত্রে অভিনয় করছেন। এই নাটকে আরও অভিনয় করেছেন আ খ ম হাসান, আরফান আহমেদ, সিদ্দিকুর রহমান, সাব্বির আহমেদ, লু্ত্ফর রহমান জর্জ, নিমা রহমান, চিত্রলেখা গুহ, অহনা, হোমায়রা হিমু, আয়শা সালমা মুক্তি,  কাজী রাজু, মুনিরা মিঠু, বাবর, আলভী, মুরাদ পারভেজ প্রমুখ। নাটকে অভিনয় প্রসঙ্গে শহিদ আলমগীর বলেন, ‘এই নাটকে আমি যদু পাইলট চরিত্রে অভিনয় করেছি। যিনি পেশায় একজন ডাকপিয়ন। সত্ ও ভালো মানুষ হিসেবে সবাই তাকে পছন্দ করেন। বাইসাইকেল নিয়ে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষের চিঠি পৌঁছে দেন। সব মিলিয়ে চরিত্রটি বেশ মজার। অভিনয়ের যথেষ্ট জায়গা রয়েছে। এজন্য আমি পরিচালক দোদুল ভাইয়ের কাছে কৃতজ্ঞ যে তিনি সুন্দর একটি চরিত্রে আমাকে অভিনয়ের সুযোগ দিয়েছেন।’ নাটকটি প্রচারিত হয় প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে।