জান্নাতুল ফেরদৌস
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
‘স্বদেশি স্পন্দনে, তারুণ্যের জয়গানে’—শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় আয়োজন করে ৩ দিনব্যাপী প্রথম ‘আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোত্সব-২০১৯। গত ৩ মার্চ থেকে শুরু হওয়া এই উত্সব চলে ৫ মার্চ পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই নাট্যোত্সব উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
নাট্যোত্সবের প্রথমদিন সন্ধ্যা ৬টায় নাটক ‘দালাল’ মঞ্চস্থ করে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় দিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন থিয়েটার সাস্ট মঞ্চস্থ করে নাটক ‘হাছন রাজা’। উত্সবের শেষদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন জাহাঙ্গীরনগর থিয়েটার মঞ্চস্থ করে নাটক ‘চিলেকোঠার সেপাই’ ও থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় মঞ্চস্থ করে নাটক ‘স্ট্যাচু অফ ডেমোক্রেসি’। নাটকগুলো আগত দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়।
এছাড়াও উত্সবের প্রথম ও শেষদিন ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় নাচ, গান ও কবিতা আবৃত্তি।
