মানবদরদী মন নিয়ে চিকিত্সকদের সেবা দিতে হবে :নাসিম

আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ২৩:৫৯

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, চিকিত্সকরা মানবতাবাদী হবেন এটাই সবার আশা। শ্রেণি স্বার্থ দেখলে চলবে না, চিকিত্সকদের মানবদরদী মন নিয়ে রোগীদের সেবা প্রদান করতে হবে।

 
গতকাল সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দশম সার্ক নাক, কান গলা সম্মেলন-২০১৬’র  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোসাইটি অব অটোল্যারিংগোলজিস্ট অ্যান্ড হেড নেক সার্জন্স অব বাংলাদেশ এই সম্মেলনের আয়োজন করে। তৃতীয়বারের মতো এই সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। সার্কভুক্ত দেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে নাক-কান-গলা বিষয়ক বিশেষজ্ঞ চিকিত্সকরা এখানে অংশ গ্রহণ করেছেন।      স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আমাদের দেশে নাক, কান ও গলার সমস্যায় ভুগছেন এমন রোগীর সংখ্যা প্রচুর। এসব রোগ অনেক সময় ক্যান্সারে রূপান্তরিত হয়। কিন্তু দেশে বেসরকারি হাসপাতালগুলোতে এসব রোগের চিকিত্সা অত্যন্ত ব্যয়বহুল। ধনী মানুষেরা দেশে-বিদেশে চিকিত্সা করাতে পারে। কিন্তু দরিদ্র রোগীদের একমাত্র ভরসা দেশের সরকারি হাসপাতালগুলো। অথচ গ্রামাঞ্চলে এ ধরনের রোগের চিকিত্সায় বিশেষায়িত হাসপাতাল নেই। আমাদের সীমিত সম্পদ, অনেক ক্ষেত্রে এ জন্য আমরা কাজ করতে পারি না। গ্রামের মানুষের চিকিত্সা বেশি দরকার, কারণ সেখানেই দেশের মানুষের বড় অংশ বসবাস করে। তাদের চিকিত্সার আওতায় আনতে হবে। তিনি বলেন, যারা বেসরকারিভাবে ক্লিনিক চালান, তারা যদি এসব ক্লিনিকে স্বাস্থ্যসেবার চার্জ কমিয়ে রাখেন তাহলে দরিদ্র মানুষগুলোর সহযোগিতা হবে।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, সোসাইটির নেতা অধ্যাপক ডা. আবুল হাসনাত জোয়ারদার, মনিলাল আইচ লিটু প্রমুখ বক্তব্য রাখেন।
 
বঙ্গমাতা চক্ষু হাসপাতাল ট্রেনিং ইনস্টিটিউট
 
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউটের সেবা ও ব্যবস্থাপনার আধুনিকায়নে সহায়তা করবেন ভারতের বিশ্বখ্যাত অরবিন্দ আই কেয়ার সিস্টেম-এর বিশেষজ্ঞরা। তাঁরা বাংলাদেশের চক্ষু চিকিত্সক ও নার্সদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি ব্যবস্থাপনার আধুনিকায়নে সফটওয়্যার স্থাপনসহ তথ্য প্রযুক্তির ব্যবহারেও সহযোগিতা করবেন।
 
গতকাল সোমবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাত্ করতে এসে অরবিন্দ আই হসপিটালের চিকিত্সক প্রতিনিধিরা একথা জানান। অরবিন্দ আই কেয়ার সিস্টেম এর নির্বাহী পরিচালক ডা. তুলসীরাজ এবং চেয়ারম্যান ডা. রবিন্দ্রন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বাংলাদেশে বেশ কয়েকটি সরকারি বেসরকারি চক্ষু হাসপাতালে অরবিন্দ আই হসপিটাল প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজনসহ ব্যবস্থাপনার আধুনিকায়নে কয়েক দশক যাবত্ কাজ করছে জানিয়ে তুলসীরাজ এ সময় বলেন, হাসপাতালের সেবার মান বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবস্থার পাশাপাশি চিকিত্সকদের কর্মস্থলে থাকা নিশ্চিত করতে হবে।
 
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউটকে আধুনিকায়ন করে এটাকে কেন্দ্রে রেখে সারাদেশে তৃণমূল পর্যায়ে চক্ষু চিকিত্সা সেবা কার্যক্রম বাড়ানো হবে। চক্ষু সমস্যায় আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিত্সা সেবা নিশ্চিত করা হবে। তিনি বলেন, চক্ষু চিকিত্সকদেরকে সহায়তা দিতে সারাদেশে চক্ষু টেকনিশিয়ান গড়ে তুলতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ভারতীয় চিকিত্সকরা। গোপালগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালকে কেন্দ্র করে সারাদেশে সকল উপজেলায় পর্যায়ক্রমে ‘ভিশন সেন্টার’ স্থাপনে অরবিন্দ হাসপাতালকে এগিয়ে আসার আহ্বান জানান মোহাম্মদ নাসিম।
 
 

ইত্তেফাক/এএন