খোন্দকার এহিয়া খালেদ
গোপালগঞ্জ
শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে গোপালগঞ্জে উপ-মহাদেশের বৃহত্ যুব সংগঠন যুবলীগের প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি সাংস্কৃতিক উত্সব অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ মার্চ রাতে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় কোটালীপাড়া শিল্পকলা একাডেমি চত্ত্বরে এই সাংস্কৃতিক উত্সবের অয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমান, গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী ও কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ বক্তব্য রাখেন।
স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় গান পরিবেশনের মধ্য দিয়ে শেখ ফজলুল হক মণি সাংস্কৃতিক উত্সব শুরু করা হয়। পরে গানে গানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজলুল হক মণির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। গান, কবিতা আর নৃত্যে হাজার বছরের বাংলার আবহমান সংস্কৃতিকে সাজানো হয়। বাঙালির বীরত্বগাঁথা, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাংস্কৃতিক উত্সবে তুলে ধরেন শিল্পীরা।
সাংস্কৃতিক উত্সবে বিপ্লব বাগচী, বিশ্বজিত্ বাগচী বিশু, রূম্পামণি সাহা, প্রতিমা হীরা, তন্বী বিশ্বাস, লাবণী, স্বর্ণময়ী, রিণি, মিনি, ওশান বিশ্বাস, রূপন্তি, সম্রাট হাজরা, কামরুল ইসলাম, নয়ন, দিলীপ ভাবুক, সুপ্তী বিশারদ, গোলাম ফারিয়া হিয়া, বন্যা বাড়ৈ, ঐশ্বর্য্য বিশ্বাস, খগেন্দ্র নাথ বাড়ৈ, সজল বালা, মুগ্ধ, অর্পণ কর্মকার, সংগীতা মাধুর্য, পায়েল গাইন, মৌমিতা পাণ্ডে, দ্বীপান্বিতা পাণ্ডে, কণা ফরাজি, ঋতু পাণ্ডে ও সানজিদা খানম সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
বুধবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত অনুষ্ঠিত এ সাংস্কৃতিক উত্সবে অংশগ্রহণ করে কোটালীপাড়াবাসী নির্মল আনন্দ নিয়ে ঘরে ফেরেন। আমাদের সংস্কৃতিকে সামনের দিকে এগিয়ে নিতে এবং নতুন প্রজম্মকে অবহিত করার লক্ষ্যে এই উত্সব আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।
