উলিপুরে বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ০১:১৭

উলিপুরে বেইলি ব্রিজের পাটাতন ভেঙে পাথর বোঝাই ট্রাক আটকা পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার দুপুরে চিলমারী-কুড়িগ্রাম সড়কের গুনাইগাছে এ দুর্ঘটনা ঘটে। ফলে এ সড়ক দিয়ে পার্শ্ববর্তী চিলমারী-রৌমারী-রাজিবপুরে চলাচলকারী বাস, ট্রাক, নছিমন, করিমন, অটোরিক্সা চলাচল বন্ধ হয়ে গেছে। এতে তিন উপজেলার হাজার হাজার মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

 
সড়ক ও জনপদ বিভাগ উপজেলার এ সড়কের বুড়ি তিস্তা নদীর উপর গুনাইগাছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মাসুমা বেগম প্রায় ১ কোটি টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণের কাজ শুরু করে। জনসাধারণের চলাচলের সুবিধার্থে ঠিকাদারী প্রতিষ্ঠান দায়সাড়াভাবে পাশে একটি বেইলি ব্রিজ নির্মাণ করে দেয়। শুরু থেকেই এ ব্রিজে বিভিন্ন সময় চলাচলকারী যানবাহন দুর্ঘটনার শিকার হলেও কর্তৃপক্ষের টনক নড়েনি। এলাকাবাসী, ছাত্র-ছাত্রী ও যান চলাচলের সুবির্ধাথে ঝুঁকিপূর্ণ এ বেইলি ব্রিজ সংস্কারের দাবি জানালেও করা হয়নি। ঘটনার দিন উলিপুর থেকে চিলমারী যাওয়ার পথে একটি পাথর বোঝাই ট্রাক বেইলি ব্রিজে উঠলে পাটাতন ভেঙে আটকা পড়ে।
 
সড়ক ও জনপদ বিভাগ কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী খুরশিদ আলম জানান, পাথর বোঝাই ট্রাকটি দ্রুত অপসারণের ব্যবস্থা করতে ঠিকাদারী প্রতিষ্ঠানকে বলা হয়েছে। 
 
ইত্তেফাক/এএন