সারাদেশ বিনোদন ডেস্ক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৩ হাজার শিশু-কিশোর অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি ১০০ কেজি ওজনের কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি লায়ন মো. নূরুল আলম, শিক্ষা ব্যক্তিত্ব লায়ন এম কে বাশারসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বঙ্গবন্ধু শিশুদের ভীষণ ভালোবাসতেন। শিশুদের সার্বিক উন্নয়নে তার অনেক স্বপ্ন ও পরিকল্পনা ছিল। বঙ্গবন্ধু শিশুদের প্রতি বিশেষ মমত্ববোধের কারণেই বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করেন। সেই থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন হয়েছে জাতীয় শিশু দিবস।’ লায়ন এম কে বাশার বলেন, ‘যে জাতি শিশুদের প্রতি যত্নশীল নয়, সে জাতি মনে এবং শিক্ষার মানে বড় হতে পারে না। কারণ আজকের শিশু আগামীদিনের সম্পদ। বঙ্গবন্ধু শিশুদের অনেক ভালোবাসতেন। তার ভেতর শিশুসুলভ একটি পবিত্র মন ছিল।’
লায়ন নুরুল আলম বলেন, ‘শিশুরা সংসার ও সমাজের নিয়ামক শক্তি। ছোট ছোট গ্রহগুলো যেমন সূর্যের কাছাকাছি অবস্থানে থাকে তেমনি ছোট ছোট শিশুরা আল্লাহর সান্নিধ্য পায়। শিশুদের ভালোবাসতে হবে।’
অনুষ্ঠানে সারাদেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় এবং বঙ্গবন্ধুর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা।
