বিনোদন রিপোর্ট
চিত্রনায়ক জিয়াউল রোশান। এরইমধ্যে ক্যারিয়ারে ৪টি ছবি জমা হয়েছে। পঞ্চম ছবির মহরত হলো সম্প্রতি। ‘ড্রিম গার্ল’ শিরোনামে এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো জাজ মাল্টিমিডিয়ার বাইরের প্রডাকশনে দেখা যাবে তাকে। এর আগে তিনি জাজের বাইরে অভিনয় করলেও সেটি ছিল কলকাতার একক প্রোডাকশন। জাজের সাথে যারা এ পর্যন্ত কাজ করেছেন তারা সবাই এই প্রোডাকশন থেকে বের হয়ে বাইরের কাজও করেছেন।
সেই জায়গা থেকে এই সময়ে রোশান জাজের ছবির ব্যস্ততার পাশাপাশি বাইরের ছবিগুলোও করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাইরের কাজ ঠিক নয়। যে সিনেমায় কাজ করবো সেটি আমারই। আর জাজের বাইরে কাজ করতে আমার কোনো বাধা নেই। শুধু জাজের কাজ করতে হবে এমন কোনো চুক্তি আমার সাথে নেই। যে কাজটা আমার কাছে আসবে এবং আমার যদি ভালো লাগবে আমি করবো। ড্রিম গার্ল ছবিটিও তেমন। জাজের বেশ কয়েকটি ছবিতেও আমাকে সামনে দেখা যাবে।’
‘ড্রিম গার্ল’ ছবিটি পরিচালনা করবেন ইস্পাহানি আরিফ জাহান। চিত্রনায়িকা অধরা খানকে দেখা যাবে তার বিপরীতে। প্রথমবার এই জুটিকে দেখা যাবে বড়পর্দায়। ছবির শুটিং শুরু হবে ১ মাস পর থেকে। রোশানের হাতে বর্তমানে বেশ কয়েকটি ছবি রয়েছে। সেগুলোর এক এক করে শুটিং শুরু হবে বলে জানান রোশান।
