শৈলকুপায় ক্ষেতে পানি ঢুকে ধানের ব্যাপক ক্ষতি

আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ০১:১৫

পানি উন্নয়ন বোর্ডর গাফিলতিতে ঝিনাইদহের শৈলকুপায় জিকে প্রকল্পের সেচ খালের পানি ঢুকে পাকা ধানসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রয়োজন না থাকার পরও পানি সরবরাহ করায় উপজেলার দামুকদিয়া, মনোহরপুর, বিজুলিয়া ও বিষ্ণুদিয়া গ্রামের প্রায় ২শ বিঘা জমির ফসলের ক্ষতি হয়েছে। স্থানীয় কৃষকেরা জানান, বিনা প্রয়োজনে গত ৭ দিন আগে জিকে খাল এসকে-৯ এ পানি সরবরাহ করা হয়। যে কারণে ওই সব গ্রামের ধানের ক্ষেতে পানি ঢুকে পড়ে। এতে খালের পাশের ক্ষেতের পাকা ধান মাটিতে লেপ্টে পড়ে। ক্ষেতে পানি থাকায় চাষিরা ধান কাটতে না পারায় তা পচে নষ্ট হচ্ছে। এমনকি বপনকৃত মসুর, মটর, খেসারি ও গম ক্ষেতেরও ক্ষতি হয়েছে। জমি ভিজে যাওয়ায় পরবর্তী রবি শস্যের আবাদও নাবি হবে বলে জানিয়েছেন চাষিরা।

 
দামুকদিয়া গ্রামের চাষি ফিরোজ আহমেদ জানান, তার ৪ বিঘা জমিতে পানি ঢুকে পাকা ধানের ক্ষতি হয়েছে। জমিতে পানি জমায় ধান কাটতে পারছেন না। বিজুলিয়া গ্রামের কৃষক রতন মিয়া জানান, তার ২ বিঘা জমির ধান মাটিতে লেপ্টে গেছে। কদিন আগে ধান কাটার প্রস্তুতি নিলেও পানি চলে আসায় ধান পড়ে গেছে। জমিতে পানি থাকায় এখন ধান কাটতে পারছেন না। এতে ফলন কম হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
 
একই গ্রামের অন্য একজন কৃষক জানান, খালের পানি জমিতে ঢুকে সদ্য চাষ করা মসুর, মটর, খেসারি ও রসুন নষ্ট করে দিয়েছে। এতে আবার নতুন করে আবাদ করতে হবে। সে কারণে ফসল নাবি হবে। এ ব্যাপারে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী কনক কুমার বিশ্বাস বলেন, ১৫ নভেম্বর থেকে পানি সরবরাহ বন্ধ ছিল। খালের মজুদ পানি ছাড়ায় ক্ষেতে ঢুকে ফসলের ক্ষতি হয়েছে। পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে।
 
ইত্তেফাক/এএন