কুবিতে শুক্রবার থেকে ভর্তি পরীক্ষা শুরু

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১০:২৯
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার ও শনিবার। ১১তম ব্যাচের এ ভর্তি পরীক্ষায় অর্ধলক্ষাধিক পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
 
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই নিরাপত্তা বলয়কে জোরদার করা হয়েছে। ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয় এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ৬৩ তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়। ১ আগস্টে ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহর হত্যাকাণ্ডে পর থেকেই বিশেষ ধরনের নিরাপত্তার আওতায় রয়েছে কুবি।
 
পরীক্ষার হলে সকল প্রকার ইলেকট্রিক ডিভাইস নিষিদ্ধ করেছে আইন শৃঙ্খলা রক্ষা উপ-কমিটি। কোনো পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন, ক্যালকুলেটর, হেডফোন, ঘড়ি, ডিভাইস সম্বলিত সানগ্লাসসহ যে কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস পাওয়া গেলে তাকে পরীক্ষা দিতে দেয়া হবে না বলে জানায় এ কমিটির আহ্বায়ক।
 
আইন শৃঙ্খলা রক্ষা উপ-কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আইনুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয় এলাকায় ও পরীক্ষা কেন্দ্রের আশপাশে যেন মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা দেয়া হয় এর জন্য জেলা প্রশাসনকে চিঠি দেয়া হবে।’
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ বলেন, ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে বা জালিয়াতির আশ্রয় নিলে অভিযুক্তকে তৎক্ষণাৎ পুলিশে সোপর্দ করা হবে।’
 
ইত্তেফাক/এএসএমইউ