ষাট গম্বুজ মসজিদ পৃথিবীর জন্য আশীর্বাদ :বার্নিকাট

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ২৩:৪৫

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) ঊর্ধ্বতন প্রতিনিধিদল ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ও জেলার সদর উপজেলায় স্প্রিং-বাংলাদেশের কার্যক্রম পরিদর্শন করেছেন। ষাটগম্বুজ মসজিদ পরিদর্শনকালে বার্নিকাট বলেন, ‘ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ (ওয়ার্ল্ড হ্যারিটেজ) পৃথিবীর জন্য আশীর্বাদ।

 
গতকাল বৃহস্পতিবার বার্নিকাট, ইউএসএআইডি বাংলাদেশের ডিরেক্টর ইয়ানিনা জারুজেলিস্কিসহ সংস্থাটির ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ স্প্রিং প্রকল্পের সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের বাছারপাড়া গ্রামে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মা-দের নিয়ে গঠিত একটি কৃষক পুষ্টি স্কুল পরিদর্শন করেন। এসময় তিনি পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে মহিলাদের মাধ্যমে বাড়ির আঙ্গিনায় অধিক পুষ্টিসমৃদ্ধ শাক-সবজি উত্পাদন, উন্নত পদ্ধতির মাধ্যমে দেশিয় মুরগির অধিক উত্পাদন, ক্ষুদ্র মত্স্য চাষ কার্যক্রম, হাত ধোয়ার জন্য উদ্ভাবিত ‘টিপি-ট্যাপ’-এর ব্যবহার ঘুরে দেখেন।
 
এর আগে সকালে তিনি বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ও যাদুঘর পরিদর্শন করেন। মার্কিন রাষ্ট্রদূত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যাদুঘর পরিদর্শন করেন এবং সেখানে প্রদর্শিত খান জাহান (র.) এর ইতিহাস ঐতিহ্যের বিভিন্ন পুরাকীর্তির স্মারক সংগ্রহ ও প্রত্নবস্তু  ঘুরে দেখেন।
 
বার্নিকাট বলেন, পুরাকীর্তিগুলোর সংস্কৃতি বৈচিত্র্যের নিদর্শন রয়েছে এই মসজিদে। মসজিদটি সংস্কার করে এর পুরনো রূপে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ঐতিহাসিক এই মসজিদ দেখতে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’
 

ইত্তেফাক/এএন