দেশের সিভিল ও মিলিটারি ব্যুরোক্রেসিরা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের পক্ষে নন বলে মন্তব্য করেছেন আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। যে কারণে পাবর্ত্য চট্টগ্রাম চুক্তির ১৯ বছর পেরিয়ে গেলেও এই চুক্তির প্রধান ধারাগুলো বাস্তবায়ন হয়নি। যে দেশের সরকার আমলা নির্ভর, সে দেশের আমলাতন্ত্র যদি এই চুক্তিবিরোধী হয় আদিবাসীদের অস্তিত্বকে ধ্বংস করতে চান, বিলুপ্ত করতে চান, সেখানে চুক্তি বাস্তবায়ন হওয়া সম্ভব নয়।
গতকাল ডেইলি স্টার ভবনের আজিমুর রহমান কনফারেন্স হলে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আদিবাসী ফোরাম ও কাপেং ফাউন্ডেশন যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।
প্রধান অতিথি মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, চুক্তির মধ্যে কেবল ভূমির বিরোধ যদি সমাধান করা যায়, তাহলে অন্য সব সমস্যার সমাধানে রাষ্ট্রের কোনোই সময় লাগবে না।
চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায় বলেন, চুক্তির গুরুত্বপূর্ণ ধারা বাদ রেখে অন্য ধারা বাস্তবায়ন হলে তা আদিবাসীদের কোনো কাজে আসবে না।
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক ড. সাদেকা হালিম, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, অধ্যাপক ড. মেসবাহ কামাল, এলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা। স্বাগত বক্তব্য রাখেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা।
ইত্তেফাক/এএন
