কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১০:০৩
 
২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের জন্য অর্ধ অর্ধলক্ষাধিক আবেদনকারীদের মধ্য থেকে ভর্তি যুদ্ধের মাধ্যমে ১১তম ব্যাচে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার (২ ও ৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হচ্ছে ভর্তি পরীক্ষা। 
 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এক হাজার ৪০ টি আসনের বিপরীতে লড়বে ৫৪ হাজার ১২৯ জন। তিনটি ইউনিটের ছয়টি অনুষদের অন্তর্ভুক্ত ১৯টি বিভাগে এ শিক্ষার্থীদের ভর্তি করা হবে। ইউনিট তিনটির মধ্যে রয়েছে- বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা যথাক্রমে ‘এ’, ‘বি’ এবং ‘সি’ ইউনিট। ‘এ’ ইউনিটে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, ‘বি’ ও ‘সি’ ইউনিটে মানবিক, বিজ্ঞান ও  ব্যবসায় শিক্ষা এ তিন শাখার শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবে। যেখানে ‘বি’ ও ‘সি’ ইউনিটে বিজ্ঞান, মানবিক ও  ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা আসন রয়েছে। 
 
শুক্রবার সকালে ১০টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে ১৬টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং আগামীকাল শনিবার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 
 
এ দিকে আসন্ন ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সকল প্রকার পরিস্থিতি মোকাবিলার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সকল কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করতেই নিরাপত্তা বলয়কে জোরদার করা হয়েছে। ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয় এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। 
 
এর আগে বিশ্ববিদ্যালয়ের ৬৩ তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়। ১ আগস্টে ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহর হত্যাকান্ডের পর থেকেই বিশেষ ধরনের নিরাপত্তার আওতায় রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এছাড়া পরীক্ষা কেন্দ্রসমূহের আশেপাশে অবস্থান ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। অগামী দুই দিন এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। 
 
 
ইত্তেফাক/কেকে