দিনাজপুরে বিরল প্রজাতির চারটি পাখি উদ্ধার

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১৮:৫৩
দিনাজপুরের চিরিরবন্দরে বিরল প্রজাতির চারটি পাখি উদ্ধার করেছে এলাকাবাসী। 
 
বিশাল আকারের এই পাখিগুলো কোন প্রজাতির তা এলাকাবাসী বলতে না পারলেও প্রাণিসম্পদ ও বন বিভাগ বলছে এগুলো এক প্রজাতির শকুন। স্থানীয় প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় পাখিগুলোকে হেফাজতে নিয়েছে দিনাজপুর বন বিভাগ।  
 
স্থানীয় যুবক মোহাম্মদ মানিক হোসেন জানান, চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের ঝাড়ুয়ার পাড় এলাকার একটি বাঁশ ঝাড়ে বুধবার বিকেলে এক সঙ্গে চারটি পাখি বসে। বিশাল আকারের ওই চারটি পাখিকে দেখে এলাকার লোকজন ছুটে আসে। একপর্যায়ে একদল যুবক ওই চারটি পাখিকে ধরে বেঁধে রাখে। পরে স্থানীয়রা উপজেলা প্রাণিসম্পদ বিভাগকে খবর দেয়। 
IMG0
উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা বৃহস্পতিবার এলাকায় গিয়ে পাখি চারটিকে উদ্ধার করে শুক্রবার বনবিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেয়। এরপর পাখিগুলোকে রশি দিয়ে বেঁধে পিক-আপ যোগে দিনাজপুর বনবিভাগের অফিসের আনা হয়। তবে দুর্বল পাখিগুলোকে নির্মমভাবে শক্ত করে বেধে পিক-আপ ভ্যানে তুলে আনায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।  
 
চিরিরবন্দর উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা আবু সাঈদ জানান, খবর পেয়ে পাখিগুলোকে দ্রুত উদ্ধার করা হয়। পরে বনবিভাগের কর্মকর্তাদের খবর দিয়ে তাদের হাতে তুলে দেয়া হয় পাখিগুলো। 
 
বনবিভাগের চিরিরবন্দর বিট কর্মকর্তা আমজাদ হোসেন জানান, পাখি চারটি উদ্ধার করে বনবিভাগের দিনাজপুর বিভাগীয় অফিসে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি