মাগুরায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৩:৪৩
 
মাগুরার শ্রীপুর উপজেলার চরমহেশপুর গ্রাম থেকে শুক্রবার রাতে বিদেশি পিস্তল ও গুলিসহ মিনু মৃধা (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মিনু মৃধা চরমহেশপুর গ্রামের ইয়াদ আলী মৃধার ছেলে।
 
শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশ শুক্রবার রাতে চরমহেশপুর গ্রাম থেকে মিলু মৃধাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি নাইন এমএম বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার হয়। 
 
এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত আটক মিলু মৃধা চুরি, ডাকাতিসহ নানা অপরাধ কর্মকান্ডে সঙ্গে জড়িত। অস্ত্র, গুলি উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি রেজাউল ইসলাম।
 
 
ইত্তেফাক/কেকে