লোহাগড়ায় ডাকাতি, স্বর্ণালংকার লুট

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১১:৪০
 
নড়াইলের লোহাগড়া উপজেলার পারমল্লিকপুর গ্রামে একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে ডাকাতি হয়েছে। 
 
অভিযোগ করা হয়েছে, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কালো মুখোশ পরিহিত ৫-৬ জনের একটি ডাকাতদল অবসরপ্রাপ্ত সেনা সদস্য জামাল ভূঁইয়ার বাড়ির গেটের দুইটি তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে। এসময় ডাকাতরা পিস্তল ও দেশি অস্ত্রের মুখে জামাল ভূঁইয়ার স্ত্রী শাহনাজ পারভীন (৪৫) ও স্কুলপড়ুয়া মেয়ে কুলসুম আক্তারকে (১৫) জিম্মি করে তাদের হাত বেঁধে মুখে টেপ লাগিয়ে দেয়।
 
ঘরের আলমারি ও স্টিলের বাক্স ভেঙে নগদ টাকা না পেয়ে কুলসুম আক্তারের ব্যবহৃত সোনার গহনা, মোবাইল ও দামি কাপড়-চোপড় লুট করে পালিয়ে যায়।
 
জামাল ভূঁইয়ার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইউসুফ ভূঁইয়া মাছের ঘের করার জন্য ব্যাংক থেকে ঋণ উত্তোলন করার কথা ছিল। ঋণের টাকা বাড়িতে রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে ডাকাত দল বাড়িটিতে হানা দেয় বলে ধারণা করা হচ্ছে। 
 
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
 
 
ইত্তেফাক/কেকে