দিনাজপুরে সংখ্যালঘুদের বাড়িতে আগুন, আটক ১

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৮
 
দিনাজপুরের বোচাগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের ১০টি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার মুর্শিদহাট রেলকলোনী হরিজনপাড়ায় এই ঘটনা ঘটে। এসময় জুয়েল (২৩)  নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ক্ষতিগ্রস্তরা।সে স্টেশন পাড়া মহল্লার আইয়ুব আলীর ছেলে।
 
স্থানীয়রা জানায়, রাত আনুমানিক তিনটার দিকে দুর্বৃত্তরা হরিজনপাড়ার সাতটি বাড়িতে আগুন দেয়। আগুন হিন্দু সম্প্রদায়ের আরো তিনটি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুন নেভানোর আগেই ১০টি বাড়ির আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। 
 
সেতাবগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার সামসুল আলম জানান, আগুনে ১০টি বাড়ি পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হচ্ছে। তবে ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা। 
 
IMG0
 
ক্ষতিগ্রস্ত সোহেল বাসফোর জানান, রাতে ঘুমের সময় হঠাৎ আগুন দেখে স্ত্রী আর সন্তানদের নিয়ে এক কাপড়ে ঘর থেকে বের হয়ে আসি। 
 
হরিজন সম্প্রদায়ের লোকেরা জানান, আটক হওয়া জুয়েল আগেও বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। আগুনে সর্বস্ব হারিয়ে এখন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।  
 
স্থানীয় ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম লিটন জানান, গত দুর্গাপূজায় জুয়েল নামে স্থানীয় এক যুবকের সাথে হরিজন সম্প্রদায়ের বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরেই সে তাদের হুমকি দিয়ে আসছিল। 
 
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ জামান আশরাফ জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়ার পাশাপাশি হরিজন সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএস