এনজিও ফাউন্ডেশন দিবসে নারী শক্তির আয়োজনে আলোচনা সভা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ২০:১২
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে ‘নারীর প্রতি সহিংসতা রোধে সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে নারী শক্তি। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় বনশ্রীর নার্স ট্রেনিং সেন্টারে শনিবার এ সভার আয়োজন করা হয়।  
 
সংস্থার নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ কে এম জাকির হোসেন ভূঁইয়া। খিলগাঁও থানাধীন কমিউনিটি ভিত্তিক ২০টি বস্তি এলাকার নারী নির্যাতন প্রতিরোধ দলের সদস্য এবং ঢাকা শহরের বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিরা এতে অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল কালচার ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. সুলতান মুহম্মদ রাজ্জাক, চেরি ব্লসম ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা-এর চেয়ারম্যান ও  প্রিন্সিপাল ড. সালেহা কাদের  এবং প্রশিকার পরিচালক ড. জাহারাবী রিপন।    
 
বক্তারা বলেন, নারী শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয় খুব কাছের ব্যক্তি দ্বারা। পারিবারিক নির্যাতনই হচ্ছে নারীর প্রতি সহিংসতার অন্যতম ধরণ। তারা আরও বলেন, পারিবারিক এ নির্যাতন দ্বারা শুধু যে নারীরাই ক্ষতিগ্রস্ত হয় তা নয় বরং এর নেতিবাচক প্রভাব পড়ে পরবর্তী প্রজন্মের উপর যারা আগামী দিনের কর্ণধার। তারা এ ধরণের সহিংসতা প্রতিরোধে সমাজের সুশীল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার পরামর্শ দেন। 
 
বিগত ১৯৯২ সাল থেকে এ যাবত নারী উন্নয়ন শক্তি বাংলাদেশের ৭০০০ দরিদ্র মানুষের জন্য পারিবারিক কাউন্সিলিং, কারিগরি ও উপানুষ্ঠানিক শিক্ষা, কর্মসংস্থান ইত্যাদির ব্যবস্থা করেছে। অধিকন্তু সংস্থা তার প্রতিষ্ঠালগ্ন থেকে নিজস্ব আইনজীবীর মাধ্যমে  কমিউনিটি পর্যায়ে নির্যাতিত নারীদের আইনি সহায়তা দিয়ে যাচ্ছে।
 
ইত্তেফাক/এসএসএ