মাতৃভাষা দিবসের স্বীকৃতি আদায়ে রফিকুলের ভূমিকা ছিল: রেলমন্ত্রী

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ২২:২৯
রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি আনার জন্য বাংলাদেশের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রফিকুল ইসলামের ব্যাপক ভূমিকা ছিল। তার এই অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।'
 
রেলপথ মন্ত্রী শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরের কবি বেগম সুফিয়া কামাল মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
 
ইউনেস্কো কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার ১৭তম বর্ষপূর্তি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বপ্নদ্রষ্টা, উদ্যোক্তা রফিকুল ইসলামের তৃতীয় প্রয়াণ দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদার ল্যাঙ্গুয়েজ লাভারস অব দি ওয়ার্ল্ড সোসাইটি, বাংলাদেশ চ্যাপ্টার এই অনুষ্ঠানের আয়োজন করে।
 
বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদার ল্যাঙ্গুয়েজ লাভারস বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেন স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ রেজাউর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য দেন।
সংগঠনের বাংলাদেশ চ্যাপ্টারের সদস্য সুজন কুমার হাজংয়ের সঞ্চালনায় এতে জেনারেল সেক্রেটারি এম এইচ কবীর মেহরাব ধন্যবাদ জ্ঞাপন করেন।
 
রেলপথ মন্ত্রী প্রয়াত রফিকুল ইসলামের সাথে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, 'রফিকুল ইসলামের সাথে আমার সরাসরি পরিচয় ছিল। মুক্তিযুদ্ধে রণাঙ্গনে তিনি আমার সঙ্গী ছিলেন। রফিকুলের অকালে চলে যাওয়া আমাদের জন্য অত্যন্ত কষ্টের।' -বাসস।
 
ইত্তেফাক/এসএস