‘বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য সুবিধা বৃদ্ধিতে জটিলতা দূর করা হবে’

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২১:১৪

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও পর্যটন সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে যে জটিলতা রয়েছে তা দূর করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ। তিনি বলেন, থাইল্যান্ডের মতো বাংলাদেশেও পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। ভিসা ও যাতায়াত সহজ হলে এদেশে পর্যটন শিল্প বিকাশ লাভ করবে। গতকাল মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে চারদিনব্যাপী ‘থাইল্যান্ড ট্রেড ফেয়ার ঃ টপ থাই ল্যান্ড-২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থাইল্যান্ড সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, থাইল্যান্ডের অনেক পণ্যের বাংলাদেশে প্রচুর চাহিদা রয়েছে। বাংলাদেশেরও অনেক পণ্য থাইল্যান্ডে যায়। তবে দু‘দেশের বাণিজ্য থাইল্যান্ডের পক্ষে। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে উভয় দেশের বাণিজ্য ব্যবধান কমানো সম্ভব।  উল্লেখ্য, মেলায় মোট ৭৬টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। স্বাস্থ্য সেবা, প্রসাধনীপণ্য, বেডিং, স্পা, বৈদ্যুতিক সরঞ্জাম, স্টেশনারি, গৃহস্থলিপণ্য, খাদ্যদ্রব্য,  টেক্সটাইল এবং ফেব্রিক, অলংকার ও শিশুপণ্য প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির নির্বাহী চেয়ারম্যান কাজী এম. আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ঢাকাস্থ থাই এ্যাম্বাসির চার্জ দ্য এ্যাফেয়ার্স ক্রাইচক অরুণ পাইরোজকুল।