৯ম ওয়েজবোর্ড ঘোষণাসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে সমাবেশ করেছে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স (প্রেস ফেডারেশন)।
আজ রবিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ করে তারা। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স এর সভাপতি জনাব আলমগীর হোসেন খান। সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি জনাব মো. মতিউর রহমান তালুকদার।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবিলম্বে ৯ম ওয়েজবোর্ড গঠন, বেতনের ৫০ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা ও দি নিউজপেপার এমপ্লয়ীজ (কন্ডিশন্স অব সার্ভিস) এ্যাক্ট-১৯৭৪ পুঃনবহাল, শ্রমিক-কর্মচারীদের জন্য দুঃস্থ কল্যাণ ট্রাস্ট গঠন, শ্রমিক-কর্মচারীদের জন্য নিজস্ব অফিস ভবন এবং আবাসন সমস্যা সমাধান, সংবাদপত্র শিল্পে সকলের জন্য সমান ভাবে সুযোগ প্রদান, ছাটাই বন্ধ করন, ছাটাইকৃতদের ন্যায্য পাওনা, কর্মচারীদের স্থায়ী নিয়োগ পত্র প্রদানসহ ১০ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।
বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স এর সভাপতি জনাব আলমগীর হোসেন খান, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন এর সভাপতি জনাব মো. মতিউর রহমান তালুকদার, প্রেস ফেডারেশনের সাবেক মহাসচিব ও বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সহ-সভাপতি বজলুর রহমান মিলন, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের মহাসচিব মো. খায়রুল ইসলাম, প্রেস ফেডারেশনের মহাসচিব মো. কামাল উদ্দিন, নিউজপেপার কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মো. মনিরুজ্জামান, সেক্রেটারি ছালে মোহাম্মদ ইব্রাহিম, বাইন্ডিং ডেসপাস শ্রমিক ঐক্যের সভাপতি মো. আবুল কালাম আজাদ, সেক্রেটারী মো. আব্দুল কাইয়ুম মিন্টু, প্রেস ফেডারেশনের কোষাদক্ষ তাজাম্মেল হক, প্রেস ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব গোলাম ছরোয়ার আজাদ, প্রেস ফেডারেশনের যুগ্ম মহাসচিব মোহাম্মদ আলী খান, ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সম্পাদক মো. আবু জাফর, বাসস ইমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি মো. কামরুল হক, সেক্রেটারি মো. খালিদসহ মো. শহিদুল ইসলাম প্রামানিক, মো. মান্নান, জানে আলম, সেকান্দার আলী জাফরুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিক শ্রমিক-কর্মচারীদের প্রাণের দাবি ১০ দফা অবিলম্বে বাস্তবায়ন না হলে বৃহত্তর ও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। সমাবেশ শেষে মাননীয় তথ্যমন্ত্রী বরাবর একটি ১০ দফা সংবলিত স্বারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন আলমগীর হোসেন খান। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ৯ম ওয়েজবোর্ড ঘোষণা করা না হলে আগামী ১ জানুয়ারি কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
