কক্সবাজারে ইয়াবাসহ বিমানযাত্রী আটক

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২১:২৬

কক্সবাজার প্রতিনিধি

চিপসের কৌটায় লুকিয়ে পাচারকালে ইয়াবাসহ আটক হয়েছেন এক বিমানযাত্রী। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দরে লাগেজ স্ক্যানিংকালে ইয়াবার চালানটি ধরা পড়ে। লাগেজ খুলে গুণে ৩ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করার পাশাপাশি তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক একেএম সাইদুজ্জামান। আটক যাত্রী নূরুল আমিন (৩২) কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার নূর হোসেনের ছেলে।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক একেএম সাইদুজ্জামান জানান, সকাল সাড়ে ১০টায় নভো এয়ারের একটি বিমানের যাত্রী ছিলেন নূরুল আমিন। নিয়ম মতে তার লাগেজ তল্লাশি করা হয়। স্ক্যানিং মেশিনের মাধ্যমে লাগেজের ভেতরে একটি কৌটায় ইয়াবা শনাক্ত করা হয়। পরে লাগেজের ভেতর থেকে কৌটাটি বের করে ৩ হাজার ২০০ পিস  ইয়াবা পাওয়া যায়। কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা করা হচ্ছে।