স্ত্রীর পরকীয়ায় খুন হন কৃষক মহিদুল

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৪
ঝিনাইদহ সদরের নিচপুটিয়া গ্রামের কৃষক মহিদুল ইসলাম হত্যার মূল পরিকল্পনাকারী স্ত্রী শাহানাজ পারভীনকে গ্রেফতার করেছে র‌্যাব। 
 
হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শাহানাজ পারভীন। 
 
সোমবার বিকেলে ঝিনাইদহের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামানের আদালতে ১৬৪ ধারায় এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 
 
রবিবার সকালে সদর উপজেলা নিচপুটিয়া গ্রামের মাঠ থেকে কৃষক মহিদুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন বিকেলে নিহতের পিতা আব্দুস সালাম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করে। 
 
মামলার পর ঝিনাইদহ র‌্যাব-৬ তদন্ত শুরু করে। স্ত্রীর পরকীয়ার কারণে কৃষক মহিদুল হত্যার বিষয়টি বেরিয়ে এলে সোমবার সকালে শাহানাজ পারভীনকে আটক করে আদালতে সোপর্দ করে র‌্যাব। পরে বিকেলে বিচারকের সামনে স্বামী হত্যার দায় স্বীকার করেন শাহানাজ পারভীন।
 
ইত্তেফাক/ইউবি