ঝাল মিষ্টি পিঠা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১০:১৭
শীত জাঁকিয়ে না বসলেও এখনই বাসা-বাড়িতে নানা স্বাদের পিঠা বানানো শুরু হয়েছে। কয়েকটি সুস্বাদু পিঠার রেসিপি নিয়ে আমাদের এবারের আয়োজন।
 
খেজুরের রসে ক্ষীরপুলি
উপকরণ: চালের গুঁড়া ২ কাপ, লবণ সামান্য, ক্ষীরসা ১ কাপ, তেল ১ টেবিল চামচ, খেঁজুরের রস ২ লিটার, পাটালি গুড় পরিমাণমতো, এলাচ ৩টি, পানি পরিমাণমতো।
 
প্রণালি: চুলায় হাঁড়িতে পরিমাণমতো পানি ফুটতে দিন। এবার লবণ ও তেল দিন। পানি ফুটে উঠলে চালের গুঁড়া দিয়ে নেড়ে কিছুক্ষণ অল্প আঁচে ঢেকে রাখুন। এবার চুলা থেকে নামিয়ে ভালো করে মথে নিন। এবার কাই থেকে খামির নিয়ে ছোট ছোট লুচির মতো করে বেলে ভিতরে ক্ষীরসার পুর ভরে মুড়ে দিন। এবার চুলায় হাঁড়িতে খেজুরের রস জ্বাল দিয়ে দিন। খেজুরের রস জ্বাল দিয়ে ১ লিটার করে নিন। তারপর এলাচ ও পরিমাণমতো পাটালি গুড় দিয়ে বলক এলে ক্ষীরের পুলিগুলো ডুবো তেলে ভেজে খেজুরের রসে ছেড়ে দিন। কিছুক্ষণ পর চুলা বন্ধ করে নিন। ঠাণ্ডা হলে পরিবেশন পাত্রে ঢেলে দিন।
 
মোখশল্লা পিঠা
উপকরণ: আতপ চালের গুঁড়া ৩ কাপ, খেজুরের গুড় ১ কাপ, লবণ সামান্য, পানি পরিমাণমতো, ঘি ২ টেবিল চামচ, ভাজার জন্য তেল পরিমাণমতো, ডিম ১টি।
 
ক্ষীরসা তৈরি: ২ লিটার দুধ জ্বাল দিয়ে ১ লিটার করে নিন। এবার এতে ১ কাপ গুঁড়া দুধ, সিকি চা চামচ এলাচ গুঁড়া, ২ টেবিল চামচ পোলাওয়ের চালের গুঁড়া ও ১ কাপ চিনি দিয়ে জ্বাল দিয়ে ঘন হলে নামিয়ে ঠাণ্ডা করে নিন।
 
প্রণালি: একটি হাঁড়িতে পরিমাণমতো পানি দিয়ে খেজুরের গুড় ও লবণ দিন। পানি ও গুড় ভালোভাবে ফুটলে চালের গুঁড়া দিয়ে চুলার আঁচ কমিয়ে ঢেকে দিন। কিছুক্ষণ পর চুলা থেকে নামিয়ে ঘি দিয়ে ভালো করে মাখুন। এবার একটি ডিম দিয়ে ভালো করে মথে পুরু করে রুটি বেলে নিন। এবার রুটির সাইডে ক্ষীরসার পুর রেখে রুটি দিয়ে ঢেকে হাত দিয়ে চেপে দিয়ে কেটে নিন। পিঠার সাইড মুড়ে দিন। ডুবো তেলে সোনালি করে ভেজে নিন।
 
ভাপা পুলি
উপকরণ: চালের গুঁড়া আধা কেজি, ময়দা ৩ টেবিল চামচ, পানি পরিমাণমতো, লবণ পরিমাণমাণমতো, নারিকেল কোড়ানো দেড় কাপ, পাটালি গুঁড় দেড় কাপ, সাদা তিল ভেজে গুঁড়া করা আধা কাপ, তেল/ঘি ২ টেবিল চামচ।
 
প্রণালি: নারিকেল, গুড় ও তিল একসাথে জ্বাল দিয়ে পুর তৈরি করে নিন। পুর ঠাণ্ডা হতে দিন। এবার চুলায় পরিমাণমতো পানি দিন। লবণ দিন। ফুটে উঠলে ২ টেবিল চামচ ঘি দিয়ে চালের গুঁড়া ও ময়দা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন অল্প আঁচে। সিদ্ধ হলে নামিয়ে ভালো করে মথে নিন। এবার কাই থেকে লুচির মতো বেলে ভিতরে পুর দিয়ে সাইড ভালো করে চেপে মুড়ে দিন। এবার হাঁড়িতে পানি দিয়ে ফুটে উঠলে বাঁশের চালনি বসিয়ে ভাপ দিয়ে নিন। স্টিমারেও স্টিম দিতে পারেন। হয়ে গেলে নামিয়ে পরিবেশন পাত্রে রাখুন।
 
ঝাল পুলি
উপকরণ: আতপ চালের গুঁড়া ২ কাপ, ময়দা আধা কাপ, লবণ সামান্য, ঘি ২ টেবিল চামচ, পানি পরিমাণমতো।
 
পুরের জন্য: গরুর মাংসের কিমা ১ কাপ, পেঁয়াজ কুচি সিকি কাপ, মটর শুঁটি সিকি কাপ, ধনে পাতা কুচি ১ টেবিল চামচ, আদা বাটা ও রসুন বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ২/৩টি, হলুদ গুঁড়া সামান্য, গরম মসলার গুঁড়া সিকি চা চামচ, জিরা গুঁড়া সিকি চা চামচ, তেল ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।
 
প্রণালি: কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিন। গরম হলে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে মসলা কষিয়ে লবণ, কিমা সিদ্ধ ও মটর শুঁটি দিন। এবার কাঁচা মরিচ কুচি ও ধনেপাতা কুচি দিয়ে মাখা মাখা হলে নামিয়ে ঠাণ্ডা হতে দিন। এবার একটা হাঁড়িতে পানি ফুটতে দিন পরিমাণমতো। লবণ দিয়ে চালের গুঁড়া ও ময়দা দিয়ে নেড়ে কাই তৈরি করে নিন। এবার ঘি দিয়ে ভালো করে মথে নিন। এবার রুটি বেলে রুটির মাঝে কেটে নিন। এবার কাটা অংশে পুর রেখে তিন কোনা ভাঁজ দিন। তারপর কাঁটা চামচ দিয়ে চেপে চেপে মুখ বন্ধ করে দিন। এবার ডুবো তেলে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন সস দিয়ে।