ভূঞাপুরে আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১২:৩৬
টাঙ্গাইলের ভূঞাপুরে সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত রকিবুল ইসলাম ফরিদ উপজেলার ভারই গ্রামের আব্দুল মজিদ মাস্টারের ছেলে। 
 
সোমবার রাতে নিহতের বাড়ির পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি সাবেক ভূঞাপুর উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
 
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রকিবুল উপজেলার টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের কাগমারাপাড়া এলাকায় একটি ডালের মিলে কাজ শেষে সোমবার রাতে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় স্ত্রীর সঙ্গে মোবাইলে কথাও বলেন তিনি। কিন্তু এরপর তিনি আর বাড়ি ফিরেননি। তার ব্যবহৃত মোবাইলটিও বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার সকালে স্থানীয়দের খবরে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করা হয়।
 
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাসুদুল হক মাসুদ বলেন, ‘তিনি খুব ভাল মানুষ ছিলেন।’
এ সময় তিনি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে তাদের কঠোর শাস্তির দাবি জানান।
 
ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গোলাম মোস্তফা মন্ডল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ