বিজয়ের নাট্য ও সাংস্কৃতিক উৎসব শুরু হচ্ছে আজ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৪:২৩
আজ ৭ ডিসেম্বর বুধবার রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী 'বিজয়ের নাট্য ও সাংস্কৃতিক উৎসব'। দনিয়া সাংস্কৃতিক জোট আয়োজিত এই উৎসবের স্লোগান ‘আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র আচার মূল সর্বনাশের এরে ভাঙিব এবার’।
 
উৎসবে পরিবেশন করা হবে মঞ্চনাটক, পথনাটক, সংগীত, আবৃত্তি, নৃত্য, চিত্রকলা। পাশাপাশি আয়োজন করা হচ্ছে দেশের স্বনামধন্য প্রকাশনী সংস্থা নিয়ে বইমেলা এবং বিভিন্ন অঞ্চলের সুস্বাদু পিঠা নিয়ে 'পিঠামেলা'।
 
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। উদ্বোধন করবেন আইটিআই বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা ৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
 
উৎসবে দনিয়া সাংস্কৃতিক জোটের অন্তর্ভুক্ত ৩৭টি দলসহ দেশের স্বনামধন্য আরও বেশ কিছু দল তাদের প্রযোজনা পরিবেশন করবে। উৎসবে মঞ্চনাটক পরিবেশিত হবে আরণ্যক নাট্যদলের 'দি জুবলী হোটেল', থিয়েটার (বেইলি রোড) এর 'পায়ের আওয়াজ পাওয়া যায়', ঢাকা পদাতিকের 'হেফাজত', লোকনাট্য দল (সিদ্ধেশ্বরী) এর 'কঞ্জুস', প্রাচ্যনাটের 'কিনু কাহারের থেটার', মহাকাল নাট্য সম্প্রদায়ের 'শিবানী সুন্দরী', সুবচন নাট্য সংসদের 'মহাজনের নাও'সহ আরো অনেক আয়োজন।
 
প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে মঞ্চ নাটকের প্রদর্শনী। এই উৎসব চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।
 
ইত্তেফাক/এমএআর