তিনদিন ধরে বড়পুকুরিয়ায় কয়লা বিক্রি বন্ধ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ২০:১৩
স্থানীয় কয়লা ব্যবসায়ীদের প্রতিরোধের মুখে সোমবার থেকে তিনদিন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কয়লা বিক্রি ও পরিবহন বন্ধ রয়েছে। 
 
এদিকে টাকা জমা দিয়ে কয়লা নিতে না পারায় বিপাকে পড়েছেন ইটভাটা মালিকসহ কয়লা ব্যবহারকারীরা। পাশাপাশি কয়লা পরিবহন বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে খনিতে কয়লা লোডের কাজে নিয়োজিত ৭৫ জন শ্রমিকসহ শত শত ট্রাক শ্রমিক। 
 
খনি সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গত ৪ ডিসেম্বর থেকে শুধু কয়লা ব্যবহারকারীদের মাঝে কয়লা বিক্রির ঘোষণা দেন খনি কর্তৃপক্ষ। এতে খনির গেটের ১১০ জন ব্যবসায়ী অকার্যকর হয়ে পড়ে। এর প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা সোমবার থেকে কয়লা বিক্রিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে সোমবার থেকে খনি থেকে কয়লা বিক্রি বন্ধ হয়ে যায়।   
 
পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের কাছে কয়লা বিক্রি না করায় ট্রাক শ্রমিকরা কয়লা পরিবহন বন্ধ করে দেয়। এতে বড়পুকুরিয়া কয়লা খনির কয়লা বিপণন ব্যবস্থা স্থবির হয়ে পড়ে। এদিকে বিক্রি ও পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ইটভাটার মালিক ও কয়লা ব্যবহারকারীরা।
 
কয়লা নিতে আসা ইমরুল ইসলাম জানান, গত ৪ ডিসেম্বর ৩০০ টন কয়লা ক্রয়ের জন্য কর্তৃপক্ষের কাছে থেকে ডিও নেন তিনি। কিন্তু গেটে প্রতিবন্ধকতার কারণে তিনি কয়লা নিতে পারাছেন না।
 
স্থানীয় কয়লা ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম জানান, খনির সূচনা লগ্ন থেকে তারা কয়লার ব্যবসা করে আসছেন। অথচ এখন তারা ব্যবসায়ীদের নিকট কয়লা বিক্রি বন্ধ করে দিয়েছে।
 
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস.এম.এন আওরঙ্গজেব জানান, তারা সবসময়ই কয়লা বিক্রি করতে প্রস্তুত। কিন্তু ব্যবস্থাপনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী শুধু ব্যবহারকারীদের কাছে কয়লা বিক্রির ঘোষণা দেয়া হয়েছে। এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হলে তারা ব্যবসায়ীদের কাছে কয়লা বিক্রি করতে পারবেন। যেহেতু স্থানীয় ব্যবসায়ীরা ইতিপূর্বে কয়লা বিক্রিতে সহায়তা করেছেন, সেহেতু তাদের বিষয়টিও বিবেচনায় রাখা হবে।
 
ইত্তেফাক/এমআর/ইউবি