ফেনীতে কাভার্ডভ্যান ভর্তি প্রায় ১২ লাখ টাকা মূল্যের সেগুন কাঠ জব্দ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকা থেকে সেগুন কাঠ ভর্তি কাভার্ডভ্যানটি আটক করা হয়।
ফেনী বন বিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় অভিযান চালায় বন বিভাগের একটি বিশেষ টহল দল। এ সময় সন্দেহজনক একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ঠ-১৬-৪১০৮) থামাতে চেষ্টা করলে চালকসহ অন্যরা পালিয়ে যায়। পরে কাঠ ভর্তি কাভার্ডভ্যানটি ফেনী বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয়।
ফেনী সামাজিক বন বিভাগের কর্মকর্তা এস এম কায়সার জানান, ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকা থেকে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৫শ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়। এসময় যে কাভার্ডভ্যানটির নাম্বার প্লেটে দুটি নাম্বার লাগানো দেখা যায়। এই গাড়িটিতে বিভিন্ন নাম্বার প্লেট লাগিয়ে তারা অবৈধ কাঠ পাচার করে বলে জানান।
ইত্তেফাক/এমআই
