বিহারে দুই বাংলাদেশি যুবক আটকের দাবি

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২২:০৮

ইত্তেফাক ডেস্ক

ভারতীয় হিসেবে পরিচয় দিয়ে ভ্রমণকালে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বিহার পুলিশ। তাদের কাছ থেকে বেশ কিছু ডকুমেন্ট জব্দ করা হয়েছে। এর মধ্যে কিছু ডকুমেন্ট আইএসসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত বলে ভারতের অনলাইন ডিএনএ’র খবরে বলা হয়েছে। আটক দুই যুবকরা হলো ঝিনাইদহের চাপাতলার খায়রুল মন্ডল ও আবু সুলতান। বিহার পুলিশ অভিযোগ করেছে তারা ইসলামিক স্টেট বাংলাদেশের (আইএসবিডি) সদস্য। খবরে বলা হয়, পাটনা রেলওয়ে স্টেশনে দুই বাংলাদেশি যুবক ঘোরাফেরা করছে এমন সুনির্দিষ্ট তথ্য সন্ত্রাস বিরোধী স্কোয়াড (এটিএস)। পরে মাদানি মুসাফিরখানা এলাকার কাছ থেকে তাদেরকে আটক করা হয়।

সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদকালে ওই দুই যুবক স্বীকার করেছে যে, তারা আইএসবিডি ও জামিয়াত-উল মুজাহিদিনের সক্রিয় সদস্য। তারা সদস্য সংগ্রহের জন্য পশ্চিমবঙ্গ, কেরালা, দিল্লি ও বিহার ভ্রমণ করছিল। তারা জিহাদের জন্য আইএসে যোগ দিতে সিরিয়া যেতে চেয়েছিল।