যৌতুকের দাবি মেটাতে না পারায় গৃহবধূ ফাতেমা খাতুন লিয়াকে (২২) কুপিয়েছেন স্বামী ভূঞাপুর উপজেলার নিকলা রায়পাড়া মসজিদের ইমাম ও মুক্তিযোদ্ধা মো. আব্দুল হামিদের ছেলে শফিকুল ইসলাম। গত ৬ ডিসেম্বর গভীর রাতে অলোয়া ইউনিয়নের চানআমুলা গ্রামে এ ঘটনা ঘটে।
ফাতেমা খাতুন লিয়া নিকরাইল ইউনিয়নের মাটিকাটা গ্রামের মো. তোফাজ্জল হোসেনের মেয়ে। এ ঘটনায় ফাতেমার বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
ফাতেমা আক্তার লিয়া তার সাত দিনের শিশুপুত্র নিয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
ফাতেমার ছোট বোন সুমাইয়া খাতুন বলেন,শফিকুল ইসলাম ইমাম হলেও বখাটেদের সঙ্গে গভীর সম্পর্ক ছিল। এর আগেও আমার বোনকে হত্যা করতে বিভিন্ন কৌশল অবলম্বন করেন। বোনের গহনা চুরি করে বিক্রি করেছেন। গত ১৫ দিন আগে তার বন্ধুরা মিলে অজ্ঞাত একজন নারীকে বাড়িতে নিয়ে এসেছিলেন। এসবের প্রতিবাদ ও যৌতুক না দেয়ায় আমার বোনকে হত্যার করার জন্য কুপিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হুদা জানান, এ ঘটনায় ফাতেমার বাবা তোফাজ্জল হোসেন বাদী হয়ে ফাতেমার স্বামী শফিকুল ইসলাম, শ্বশুর মো. আব্দুল হামিদ ও শাশুড়ি মোছা. রোকেয়া বেগমের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার পরপরই তাদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/কেকে
