আলিয়েস ফ্রসেজে ‘বাঁচাও নদী বুড়িগঙ্গা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৯:৫০
আলিয়েস ফ্রসেজে ফটোসাংবাদিক ফোজিত শেখ বাবুর ‘বাঁচাও নদী বুড়িগঙ্গা’ শীর্ষক ৫ম একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির আলিয়াস ফ্রসেজের গ্যালারি জুমে এ প্রদর্শনী শুরু হয়েছে। 
 
আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী এ প্রদর্শনী চলবে। এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। শনিবার সন্ধ্যায় আলিয়াস ফ্রসেজের মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান ‘বাঁচাও নদী বুড়িগঙ্গা’ শিরোনামের এ প্রদর্শনীটির উদ্বোধন করেন। 
 
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী শাহাবুদ্দিন আহমেদ ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আব্দুল মান্নান, লে. জেনারেল (অব:) হারুন-উর-রশিদ, ঢাকাস্থ আলিয়াস ফ্রসেজের পরিচালক মশিও ব্রুনুপ্লাস।
 
এসময় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, রাজধানীর পাশে অবস্থিত এ নদীটি নানা কারণে দূষিত হচ্ছে। বিষয়টি নিয়ে পরিবেশবাদীরা সোচ্চার। ফটোসাংবাদিক ফোজিত শেখ বাবু তার আলোকচিত্রের মধ্যদিয়ে এ দূষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, তাই আমাদের সকলের তার পাশে থাকা প্রয়োজন। আশা করি, ক্রমেই বাবু সর্বত্র পরিবেশ দূষণের বিরুদ্ধে একজন ভালো আলোকচিত্র হিসেবে পরিচিত লাভ করবে।
 
IMG0
 
অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেন, সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে বাবু যে কাজটি করে যাচ্ছে তার পাশে থেকে তাকে উৎসাহিত করা আমাদের থাকা আমাদের একান্ত কর্তব্য। আমাদের পরবর্তী প্রজন্মকে একটি সুষ্ঠু পরিবেশ দিতে বুড়িগঙ্গাসহ সকল নদী দূষণের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। 
 
ফোজিত শেখ বাবু বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে বুড়িগঙ্গা নদীতে পরিবেশ বিপর্যয়ের বিভিন্ন চিত্র তুলে ধরতে চেষ্টা করছি, যা এ নদীকে বাঁচাতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও নদী দূষণের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণে সক্রিয় ভূমিকা রাখার কোন বিকল্প নেই। তাহলেই দূষণের হাত থেকে মুক্ত হতে পারবে এ নদী।
 
ইত্তেফাক/এসএসএ