শেরপুরে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ২১:১৭
 
শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে নিহত হয়েছে শেফালী খাতুন নামে ছয় বছরের এক কন্যাশিশু। সোমবার সন্ধ্যায় উপজেলার নয়াবিল ইউনিয়নস্থ শিমুলতলা স্লুইচগেট এলাকায় নালিতাবাড়ী-নাকুগাঁও স্থলবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শিমুলতলা গ্রামের আশরাফুল ইসলামের শিশুকন্যা রাস্তা দিয়ে বাড়ির দিকে হাঁটছিল। এসময় বালু আনতে যাওয়া হাতিপাগারগামী একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে যায়। 
 
পরে গুরুতর অবস্থায় তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
 
 
ইত্তেফাক/কেকে