ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাঝির কান্দা এলাকায় ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান খান বাবুকে (৩০) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মাঝির কান্দা বাসস্ট্যান্ডের পাশে এঘটনা ঘটে। আহত আতিকুর রহমান বাবু উপজেলার মাঝির কান্দা এলাকার মৃত রহমানের ছেলে।
আহত আতিকুর জানান, তিনি উপজেলা নির্বাচনে নৌকা মার্কার প্রচারণা শেষে রাতে বাড়ি ফিরছিলেন, এসময় পার্শ্ববর্তী খন্দকার হাটির মাহবুবুর রহমান ও রিপনসহ প্রায় ৪০/৫০ জন লোক তার ওপর হামলা চালায়। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে চলে যায়। তার চিত্কারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আতিকুরের অভিযোগ, তিনি নৌকা মার্কার নির্বাচন করছেন বলে স্বতন্ত্র প্রার্থীর লোকজন তার ওপর এ হামলা চালায়। নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল জানান, বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে দোষীদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
