রূপগঞ্জে র্যাবের অভিযানে স্কুলছাত্র হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০০:১৪

দি চাইল্ড ল্যাবরেটরি স্কুলের ৮ম শ্রেণির ছাত্র কামরুল হাসান হূদয় হত্যা মামলার প্রধান আসামি মুরাদ হোসেন রাব্বিকে গ্রেফতার করেছে র্যাব-১। বুধবার বিকালে র্যাব-১ সিপিসি-৩ এর রূপগঞ্জের পূর্বাচল শিমুলিয়া এলাকার ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মুরাদ হোসেন রাব্বিকে গাজীপুরের জয়দেবপুর হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুরাদ হোসেন রাব্বি ওরফে টেলি রাব্বি ঢাকার উত্তরখান থানার বড়বাগ এলাকার বাদল হোসেনের ছেলে।

র্যাব-১ এর লে. কর্নেল মো: সারওয়ার বিন কাশেম জানান, এ ব্যাপারে নিহতের মা লাবনী বেগম বাদী হয়ে উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গত ২১ মার্চ রাজধানীর উত্তরখান থানাধীন রাজবাড়ী বাহারটেক এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে বিগবস গ্রুপ ও কাশ্মীরি গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় কামরুল হাসান হূদয়কে (১৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত হূদয় নোয়াখালী জেলার সেনবাগ থানার বাবু-শ্রীপুর এলাকার কামাল হোসেনের ছেলে।