মাদারীপুরের রাজৈর উপজেলার ২৪নং হাসানকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে বার্ষিক ধর্ম পরীক্ষার স্থলে সমাজ বিজ্ঞান পরীক্ষা নেয়া হয়েছে। কমলমতি ছাত্র-ছাত্রীরা পরীক্ষার হলে গিয়ে পরিবর্তিত প্রশ্নপত্র হাতে পেয়ে বিভ্রান্তি ও মহা বিপাকে পড়ে । প্রশ্নের উত্তর লিখতে গিয়ে পড়ে আরো বিপদে । সময় সুচি অনুযায়ী এ পরীক্ষাটি নেয়ার কথা ছিল আগামী শনিবার । যে কারণে প্রশ্নটি অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ছড়িয়ে পড়ে।
অন্যদিকে সময় সুচি অনুযায়ী অন্য বিদ্যালয়ে ধর্ম পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় এ প্রশ্নটিও (ধর্ম) হাসানকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পৌঁছে যায় । ফলে রাজৈর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিকা পরীক্ষা গ্রহন জটিলতার মধ্যে পড়ে। এঘটনায় রাজৈর উপজেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে ।
ওই স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সেক্রেটারি নাজির হোসেন জানান, শিক্ষা অফিস থেকে দেয়া রুটিন অনুযায়ী আমি পরীক্ষা নিয়েছি।
উপজেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী তথ্যের সত্যতা স্বীকার করে জানান, ওই বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের পাশপাশি নতুন প্রশ্নের মাধ্যমে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, এব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, রাজৈর উপজেলার ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষার রুটিন অনুযায়ী বুধবার ছিল ধর্ম পরীক্ষা। কিন্তু ২৪নং হাসান কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই দিন সমাজ বিজ্ঞান পরীক্ষা নেয়া হয়।
ইত্তেফাক/এএসএমইউ
