ধুনটে ছাত্রীকে উত্ত্যক্ত করায় ছাত্রের কারাদণ্ডাদেশ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ১৬:৫৪
 
বগুড়ার ধুনট উপজেলার অলোয়া মথুরাপুর আমিনা ময়েন সিনিয়র মাদ্রাসার ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে সাজেদুর রহমান (২৮) নামে কওমী মাদ্রাসার ছাত্রের ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ ইব্রাহীম এ দণ্ডাদেশ দেন।
 
দণ্ডপ্রাপ্ত আসামি সাজেদুর রহমান ধুনট উপজেলার কুড়িগাতি গ্রামের লিয়াকত আলীর ছেলে। তিনি ঢাকার একটি কওমী মাদ্রাসায় পড়াশোনা করেন। 
 
ধুনট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, সাজেদুর দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। এক পর্যায়ে বৃহস্পতিবার সকালের দিকে ওই ছাত্রী বাড়ি থেকে মাদ্রাসায় রওনা হন। পথিমধ্যে মথুরাপুর বাজার এলাকায় পৌঁছলে সাজেদুর ওই ছাত্রীর উত্ত্যক্ত করেন। 
 
এসময় ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন সাজেদুরকে আটক করে থানায় সোপার্দ করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করায় ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 
 
সাজাপ্রাপ্ত আসামি সাজেদুরকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 
 
 
ইত্তেফাক/কেকে