চিকিৎসার কাজে ব্যবহারের উদ্দেশ্যে চাষ করা যাবে গাঁজা। এমন এক বিলে অনুমোদন দিয়েছে মেক্সিকোর সিনেট।
মঙ্গলবার মেক্সিকো সিনেট রীতিমতো ভোটাভুটির মধ্যে দিয়ে গাঁজা নিয়ে নতুন বিলে অনুমোদন দেয়। এই বিল অনুযায়ী, শুধু চিকিৎসার কাজে ব্যবহার করার জন্য গাঁজা চাষ করা যেতে পারে এবং তা দণ্ডনীয় অপরাধ নয়।
এ নিয়ে মেক্সিকোর সিনেটে বহুদিন ধরেই বিতর্ক চলছিলো। অনেকে এর পক্ষে ছিলেন, তবে বেশিরভাগই ছিলেন বিপক্ষে।
গোটা বিশ্বে যেহেতু গাঁজা মূলত নেশা করার জন্যই ব্যবহার হয়, সেহেতু গাঁজা ব্যবহারে বিশেষ নিষেধাজ্ঞা জারি রয়েছে মেক্সিকোতেও। তবে এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে চিকিৎসার কাজে ব্যবহারের উদ্দেশ্যে গাঁজা চাষের ক্ষেত্রে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালিত গবেষণা বলছে, ক্যানসার, অ্যালজাইমার, এমনকি প্যারালাইসিস রোগের ওষুধ তৈরিতে গাঁজা খুবই উপকারী। আর সেজন্যই বহুদিনের আলোচনা-সমালোচনার পর শেষমেশ মেক্সিকোর সিনেট জানায়, শুধু চিকিৎসার কাজে ব্যবহার করার জন্য গাঁজা চাষ করা যেতে পারে।
ইত্তেফাক/এএম
