ব্রেক্সিটের বিনিময়ে পদত্যাগে রাজি থেরেসা মে

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০০:৩৭

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ঘোষণা দিয়েছেন, যদি এমপিরা পার্লামেন্টে খসড়া ব্রেক্সিট চুক্তি পাস করায় তাহলে তিনি প্রধানমন্ত্রীর পদ ছাড়তে রাজি আছেন। যদিও তিনি পদত্যাগের দিনক্ষণের ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানাননি। তবে নিজ দলের এমপিদের তিনি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পরবর্তী বৈঠকের পূর্বে পদত্যাগের একটি পূর্বাভাস দেন।

গতকাল বুধবার রাতে থেরেসা মের এ ঘোষণা যখন আসে তখনো ব্রেক্সিট নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে চরম অস্থিরতা বিরাজ করছিল। ওই একই সময় ব্রেক্সিটের ভবিষ্যত্ কি হবে সে ব্যাপারে আটটি বিষয়ে ভোটাভুটিতে বসার কথা ছিল বিদ্রোহী এমপিদের। সরকারের কাছ থেকে পার্লামেন্টের কর্তৃত্ব দখলে নিয়ে ব্রেক্সিট সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নিতে সংখ্যাগরিষ্ঠের মতামত জানাই এ ভোটাভুটির লক্ষ্য।

দুইবার বিশাল ব্যবধানে ভোটে হেরেও থেরেসা মে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তার ব্রেক্সিট পরিকল্পনা সফল করতে।

থেরেসা মে পদত্যাগ করলে তার ব্রেক্সিট চুক্তিতে সমর্থন দেবেন কিনা রক্ষণশীল দলের বিদ্রোহীদের কাছে এর আগে তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারীরা। গত রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন চেকারসে এক বৈঠক শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সহকারীরা থেরেসা বিরোধীদের কাছে এমনটি জানতে চেয়েছেন বলে জানা গেছে।