হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তিনজন মানসিক রোগ বিশেষজ্ঞ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক স্থিতির বিষয়ে গুরুতর আশঙ্কা প্রকাশ করেছেন। বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে লেখা চিঠিতে তারা, ট্রাম্পের পূর্ণাঙ্গ শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পরীক্ষার নির্দেশ দিতে আহ্বান জানিয়েছেন।
হাফিংটন পোস্টে ছাপা হওয়া এই চিঠিটি লিখেছেন হার্ভার্ড মেডিকেল স্কুলের একজন অধ্যাপক জুডিথ হারমান, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নানেত্তে গারট্রেল ও সহকারী অধ্যাপক ডি মোসবাখার। এই তিন মনোবিদ এক সঙ্গে হার্ভার্ডে কাজ করেছেন।
ডোনাল্ড ট্রাম্পের মানসিক সুস্থতার বিষয়ে নিজেদের আশঙ্কা প্রকাশ করে বলেন, তার মানসিক অসুস্থতার সব লক্ষণ রয়েছে। চিঠিতে বলা হয়, বাগাড়ম্বর, অতি আবেগতাড়িত, সমালোচনার প্রতি অতি সংবেদনশীল এবং কল্পনা ও বাস্তবের মধ্যে পার্থক্য বুঝতে পারার বিষয়গুলো ট্রাম্পের চরিত্রে ফুটে উঠেছে। তারা বলেন, আমরা জোর দিয়ে সুপারিশ করবো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগে নিরপেক্ষ চিকিৎসকের মাধ্যমে তার নিউরোসাইকিয়াট্রি পরীক্ষা সম্পন্ন করা হোক।
এর আগে গত আগস্টে ওবামা বলেছিলেন, বিচারবোধ ও মেজাজের কারণে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার জন্য অযোগ্য। গত জুনে আটলান্টিক নিউজে প্রকাশিত এক মনোরোগ বিশেষজ্ঞের গবেষণায় বলা হয়, ট্রাম্প আত্মপ্রেম ও বাগাড়ম্বরে ভুগছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দাবি করা হয়, ট্রাম্প জার্মানির অ্যাডলফ হিটলারের চেয়েও বড় ‘সাইকোপ্যাথ’। এনডিটিভি।
ইত্তেফাক/এসএসএ
