বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নৃত্যশিল্পীসহ নিহত ৩

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ২২:১৭
বগুড়ায় বিআরটিসি বাসের সাথে সিএনজিচালিত অটোটেম্পুর মুখোমুখি সংঘর্ষে দুই নৃত্যশিল্পীসহ তিনজন নিহত ও ৩ জন আহত হয়েছে।
 
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া সদর উপজেলার বাঘোপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বগুড়া সদর উপজেলার ধাওয়াকোলা গ্রামের বাসিন্দা নৃত্যশিল্পী তপু, বগুড়া শহরের ফুলবাড়ী এলাকার বাসিন্দা নৃত্যশিল্পী আশিক ও অটোটেম্পুর চালক (অজ্ঞাত)।
 
জানা গেছে নৃত্যশিল্পী তপু, আশিকসহ ৫ জনের একটি দল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য সিএনজিচালিত অটোটেম্পু যোগে মহাস্থান থেকে বগুড়া শহরের দিকে আসছিলেন। পথে বাঘোপাড়া বাজারের অদূরে চলাচল ফিলিং স্টেশনের সামনে চাঁপাইনবাবগঞ্জ থেকে রংপুরগামী বিআরটিসি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নৃত্যশিল্পী মারা যায়। পরে হাসপাতালে নেয়ার পর অটোটেম্পুর চালকও মারা যায়। আহত অপর ৩জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
বগুড়া সদর থানার এস আই হারুনুর রশিদ দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, বিআরটিসি বাসটিকে আটক করা যায়নি। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে।
 
ইত্তেফাক/এসএস